চট্টগ্রামের রাউজানের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন দলীয় নেতৃবৃন্দ।
অভিযোগ করা হচ্ছে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে রাউজানের রাজনৈতিক অঙ্গন বিগত আড়াই দশক ধরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে দেখে স্বাধীনতা বিরোধীরা নেপথ্যে থেকে কলকাটি নেড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে জনৈক জমির উদ্দিনকে দিয়ে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনসহ ২৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ওই মিথ্যা মামলায় যাদের সাক্ষী করা হয়েছে তারাও প্রতিবাদী সমাবেশে এসে বক্তব্য রেখে দায়ের করা মামলা মিথ্যা বলে স্বাধীনতা বিরোধীদের এহেন তৎপরতার নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, জনৈক জমির সম্প্রতি হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে তার ঘরের জিনিসপত্র ভাংচুরের অভিযোগ করে আদালতে মামলা করে। এই ঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ সমাবেশ করে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
হলদিয়া ইউনিয়নের বৃক্ষভানুপুর এলাকার শহীদ জাফর সড়কে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। রুনু ভট্টচার্য্যের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। এতে বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন- রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা আবু তাহের, আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, এস এম বাবর, যুবলীগ নেতা মোহাম্মদ মনছুর উদ্দিন, মোহাম্মদ জাবেদ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।